বার্সেলোনার পর ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আটকে গেল আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে ম্যানচেস্টার সিটির কাছে বার্সা হারলেও পোলিশ ক্লাব লেগিয়া ওয়ারশ’র সাথে হারতে হারতে কোনো রকমে ড্র করে ফিরেছে রিয়াল মাদ্রিদ। দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে জিনেদিন জিদানের দল।
প্রথমে দুই গোলে এগিয়ে থেকে শেষ দিকে উল্টো হারের শঙ্কা জাগে রিয়াল শিবিরে।
লা লিগায় আগের ম্যাচে হ্যাটট্রিক পেলেও ওয়ারশের মাঠে আবার বোতলবন্দি রোনালদো। তবে খেলার প্রথম মিনিটেই গ্যালকাটিকোদের লিড এনে দেন গ্যারেথ বেল। ৩৫ মিনিটে করিম বেনজেমার গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে পাঁচ মিনিট পর গোলে করে স্বাগতিকদের খেলায় ফেরান ভাদিস।
প্রথমার্ধে ২-১ এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে মিরোস্লাভ রাদোভিচের গোলে সমতায় ফেরে ওয়ারশ। খেলা যখন নিশ্চিত ড্রয়ের পথে যাচ্ছিল ঠিক তখন তিন মিনিটে ঘটে নাটকীয় ঘটনা। ৮৩ মিনিটে থিবোর মুলিন গোল করলে হারের শঙ্কায় পড়ে রিয়াল। তবে দুই মিনিট পর রিয়ালকে সমতায় ফিরিয়ে হার থেকে রক্ষা করেন মার্কো কোভিচ।

জিতলে শেষ ষোলো নিশ্চিত হতো রিয়ালের। তবে বার্সার মতো একই সমীকরণে দাঁড়িয়ে থাকলো চিরপ্রতিদ্বন্দ্বি রিয়ালও। গ্রুপ পর্বের চার রাউন্ড শেষে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করা বরুসিয়ার পয়েন্ট ১০। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের ড্রয়ের দিনে বড় জয় পেয়েছে আরেক স্প্যানিশ ক্লাব সেভিয়া। ক্রোইশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবকে ৪-০ গোলে হারিয়েছে তারা। অন্য ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুচেন ১-০ গোলে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার্সকে এবং বরুশিয়া ডটমুন্ড একই ব্যবধানে পর্তুগাল স্পোর্টিকে হারায়। এছাড়া ফরাসি ক্লাব লিঁও’র সাথে ১-১ গোলে জুভেন্টাস ও ডেনিশ ক্লাব কোপেনহেগেনের সাথে গোলশূন্য ড্র করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি।







