রাজধানীর খিলগাঁওয়ের র্যাবের চেকপোস্টে নিহত হামলা চেষ্টাকারীর শরীরে ৬ থেকে ৭টি গুলির চিহ্ন দেখতে পেয়েছেন আলামত সংগ্রহকারী সিআইডি কর্মকর্তারা। তবে তার পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি তারা।
এরই মধ্যে নিহত ব্যক্তির মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়েছে।
সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত গ্রহণ শেষ করেছেন। এর আগে বোমা নিষ্ক্রিয়কারী দল ব্যাগের ভেতরে পাওয়া হ্যান্ড গ্রেনেডগুলো নিস্ক্রিয় করে।
সেখানে উপস্থিত সিআইডি কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ওই হামলাকারী কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সদস্য কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে প্রাথমিকভাবে ৬-৭ টি গুলির চিহ্ন দেখতে পাওয়া গেছে।
“মোটর সাইকেলে কোনো নম্বরপ্লেট ছিলো না। তার সঙ্গে কোনো পরিচয়পত্রও ছিলো না। তার শরীরের ডিএনএ এবং অন্যান্য টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন ঢামেকে নেয়া হয়েছে।”
খিলগাঁওয়ের শেখের জায়গা নামের এলাকায় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে র্যাব-৩ এর অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় একজন মোটরসাইকেল আরোহী দ্রুত ওই সেদিকে এগিয়ে আসে। তখন র্যাব সদস্যরা তাকে থামার সংকেত দিলে সে তা অমান্য করে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। তাকে ধরতে গিয়ে র্যাবের দুই জন সদস্য আহত হন। এক পর্যায়ে ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ থেকে বোমা সদৃশবস্তু বের করার চেষ্টা করলে র্যাবের গুলিতে নিহত হন।
নিহত ব্যক্তির কাঁধের ব্যাগ থেকে দুটি হাতে তৈরি গ্রেনেড পাওয়া গেছে বলে দাবি করেছে র্যাব।







