বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার করা হয়েছে বলে তার দলের পক্ষ থেকে অভিযোগ করা হলেও ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, তাকে গ্রেফতার করা হয়নি।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি হেড কোয়ার্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কোনো ইউনিট বিএনপি নেতা হাবিবুন-নবী খান সোহেলকে গ্রেফতার করেনি। বিএনপির পক্ষ থেকে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, অপপ্রচার।
ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন মাধ্যমে যে খবরগুলো আসছে তা সত্য নয়। আমি সব ইউনিটের সঙ্গে কথা বলেছি, কেউ তাকে গ্রেফতার করেনি। জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য এরকম অপপ্রচার চালানো হচ্ছে।
বুধবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও বলেছেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করেনি। আমি কিছুক্ষণ আগেও খোঁজ নিয়েছি। র্যাব-পুলিশ কেউ তাকে আটক করেনি।’
তিনি বলেন, ‘হতে পারে সে নিজেই আত্মগোপন করেছে। এটা তার নতুন কৌশল হতে পারে।’
হাইকোর্ট এলাকায় পুলিশের ওপর হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ছবি-ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করেছি। ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের ধরা হচ্ছে। এরমধ্যে চারজনের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে।’
সোহেল প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, খালেদা জিয়ার সফরসঙ্গী ছিলেন হাবিব-উন-নবী খান সোহেল। মঙ্গলবার ভোর ৫টার দিকে তিনি ঢাকায় পৌঁছলে মালিবাগ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।






