হাবিব আর ফুয়াদ আল মুক্তাদির দুজনই ভালো বন্ধু। দুজনই কাজ করেন গান নিয়ে। নতুন নতুন কাজ নিয়ে তাদের মধ্যে যেমন আলোচনা হয়, তেমনি চলে দীর্ঘ আড্ডা। তারা যেমন সমালোচনা করেন, তেমনি ভালো কাজের ব্যাপারে প্রশংসা করতে এতটুকু কুণ্ঠা বোধ করেন না। দুজনের মতেই তাদের এই আড্ডা সৃজনশীল কাজে দারুণ ভূমিকা রাখে।
এবার হাবিবের নতুন মিউজিক ভিডিও দেখে দারুণ প্রশংসা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। আজ রোববার ফেসবুকে তিনি লিখেছেন, ‘অভিনন্দন! বন্ধু, দারুণ অভিনয়!’
গতকাল শনিবার এসেছে হাবিবের নতুন গান ‘মিথ্যে নয়’–এর মিউজিক ভিডিও। পরিচিত হাবিবকে নয়; এ যেন অন্য হাবিব, যাকে দর্শক কখনো দেখেনি।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পোলক, প্রযোজনা করেছে ধ্রুব মিউজিক স্টেশন। ‘মিথ্যে নয়’ গানের কথা লিখেছেন শফিক তুহিন। সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব।
জানা গেছে, ধ্রুব মিউজিক স্টেশনের নিজস্ব ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে মিউজিক ভিডিওটি।

নিজের সব গানের মিউজিক ভিডিওতে হাবিব নিজেই মডেল হয়েছেন। কিন্তু এবার দর্শক অন্য হাবিবকে দেখছে। হাবিবের ভাষায়, ‘কাজটি ছিল আমার জন্য নতুন চ্যালেঞ্জ। পরিচালক শাহরিয়ার পলক খুব ভালো কাজ করেছেন। তিনিই আমার কাছ থেকে অভিনয়টা বের করেছেন। একটি ছেলে আর একটি মেয়ের গল্প। শেষ পর্যন্ত এই গল্পে ভালোবাসা হারিয়ে যায়।’
কোনো পরিচিত মুখ নয়, হাবিবের নতুন এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নতুন মেয়ে।
মাত্র একদিনে ‘মিথ্যে নয়’ গানের মিউজিক ভিডিওটি দেখা হয়েছে ৪০ হাজার বার। এর আগে ইউটিউবে গানটির টিজার আর লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়।
‘মিথ্যে নয়’ গানের মিউজিক ভিডিও।
https://www.youtube.com/watch?v=L0VJholN430








