রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হানিফ পরিবহন নামের এক বাস থেকে নয় হাজার ইয়াবা জব্দ করেছে র্যাব-২। বাসটির চালক ও সহকারীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন ড্রাইভার মো. ফারুক আলম (৩৯) ও সহকারী মো. সুমন (৩৩)। এ সময় হানিফ পরিবহনের বাসটিও জব্দ করা হয়। রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. শাহিনুর রহমান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হানিফ পরিবহনের একটি বাস গাবতলী বাস টার্মিনালের দিকে যাওয়ার সময় বাসটিকে থামার সংকেত দিলে চালক থামালেও আমাদের উপস্থিতি টের পেয়ে চালক তার সিটের ডান পাশের গ্লাস খুলে এবং সহকারী কৌশলে বাসের গেট দিয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। গাড়ি থেকে ৯ হাজার ১৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি বলেন, আটকরা কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে ইয়াবা রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে দীর্ঘদিন যাবৎ সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই সহকারী পরিচালক।





