পদত্যাগপত্র পাঠিয়ে দিলেও চন্ডিকা হাথুরুসিংহে এখনও কাগজে-কলমে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে চুকিয়ে ফেলতে এ সপ্তাহে বাংলাদেশে আসার কথা কোচের। এ সুযোগে বিসিবি চেষ্টা চালাবে আসন্ন শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত তাকে ধরে রাখার। এমন তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
শোনা যাচ্ছে, হাথুরুসিংহে নিজ দেশ শ্রীলঙ্কার কোচ হতে চলেছেন। এও শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ায় থেকে যাবেন তিনি। হাথুরুসিংহে শেষ পর্যন্ত কোথায় যাবেন তা নিয়ে সংশয়ে আছে বিসিবি। হাথুরু কী করবেন সেটি জানা না থাকলেও বিসিবি যে তাকে রেখে দিতে সর্বোচ্চ চেষ্টা চালাবে সেটি বোঝা গেল আকরাম খানের কথায়।
‘আসলে আমরা এখনো সংশয়ে আছি। কোন জায়গার কোচ হবেন এ ব্যাপারে আমরা কিছুই জানি না এখনও। ২-১ দিনের মধ্যে হাথুরুসিংহের আসার কথা। যদি সে আসে, তারপর তার সঙ্গে বসে বিষয়টা চূড়ান্ত হবে। এই মুহূর্তে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে। কেউ বলছে শ্রীলঙ্কায় যাবে, কেউ বলছে অস্ট্রেলিয়াতে থাকবে। পারিবারিক সমস্যার জন্য চাকরিটা করতে চাচ্ছে না। অনেক কিছুই শোনা যাচ্ছে। আমরা তার কাছ থেকে যেটা জানব, সেটাই আসলে চূড়ান্ত কথা। এজন্য আমরা তার আসার অপেক্ষায় আছি।’
হাথুরুসিংহে বিসিবির অনুরোধ না রাখলে তার জায়গায় হাই-প্রোফাইল কোন কোচকেই নিয়োগ দেবে বিসিবি। ভাল কোচ পেতে সময় বেশি লাগলে স্থানীয় কোচ দিয়ে সারা হবে অন্তবর্তীকালীন সময়ের কাজ।
‘হাথুরুসিংহে কিন্তু অনেকদিন ছিল। এর আগে কেউ এক বছর দেড় বছর থেকে আবার চলে গেছে। এগুলো কোন ব্যাপার না। আমাদের বোর্ড সভাপতি কোচিং স্টাফদের ক্ষেত্রে সিরিয়াস থাকেন। বিশ্বের নামকরা কোচিং স্টাফদের নিয়ে আসেন। তাকে যদি আমরা না পাই, তাহলে হয়ত আমাদের কিছুটা সময় লাগবে। তারপরও আমরা ভাল কোচ নিয়ে আসবো।’
নতুন কোচ হিসেবে সাঙ্গাকারা-মাহেলা-সৌরভ গাঙ্গুলি-অ্যান্ডি ফ্লাওয়ারদের নাম শোনা যাচ্ছে। এই গুঞ্জন উড়িয়ে দিয়ে আকরাম বললেন, ‘আমরা এখনও কোন আলাপ আলোচনাতেই যাইনি। আমরা হাথরুসিংহের আসার অপেক্ষায় আছি। তার সঙ্গে কথাবার্তা বলার পর, এই বিষয়ে চিন্তা-ভাবনা করবো।’







