কিছু দিন আগেই হেয়ার ড্রায়ারের গরম হাওয়ায় মুখ পুড়েছিলো বিপাশা বসু’র। এবার একটি অনুষ্ঠান চলাকালীন সময়ে বাজির ফুলকি থেকে মুখ এবং হাত পোড়ালেন বলিউডের বর্তমান সেনসেশন আলিয়া ভাট।
গত রোববার মুম্বাইয়ের একটি পুরস্কার বিতরণীর অনুষ্ঠান চলছিলো। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন ভাট কন্যা আলিয়া। অনুষ্ঠানে হিট গানের তালে পা মেলাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলো তার সহ-শিল্পীরাও। আলিয়ার নাচে মগ্ন ছিলেন দর্শকরাও। এসময় হঠাৎ করেই নাচের সময় ফাটানো বাজির আগুনের ফুলকি এসে আলিয়ার মুখ এবং হাতে পড়ে। সঙ্গেই আলিয়ার হাত এবং মুখের কয়েক জায়গা পুড়ে যায়।
মুখ ও হাতের যন্ত্রণায় কাতরাতে থাকে ‘টু-স্টেটস’ খ্যাত এ নায়িকা। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন অনুষ্ঠানে থাকা দর্শকরা। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার জন্য মঞ্চের পিছনে নিয়ে যাওয়া হয় আলিয়াকে। এর পরই নিজের গাড়িতে করে অনুষ্ঠান ছেড়ে যান তিনি।
নায়িকার ঘনিষ্ঠ সূত্রের দাবি, অনুষ্ঠানে রেড কার্পেটে হাটার কথা থাকলেও হাঁটেননি আলিয়া। তার ইচ্ছে ছিলো পারফর্ম করেই মঞ্চ ছাড়বেন। সব কিছুই চলছিলো ঠিকঠাক মতো। হঠাৎ বাজির আগুনে ওলোটপালোট হয়ে যায় পুরো অনুষ্ঠানটি।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে আলিয়ার ও শহীদ কাপুরের জুটিবদ্ধ ছবি ‘শানদার’। হাতে রয়েছে ‘কাপুর অ্যান্ড সন্স’ এবং ‘উড়তা পাঞ্জাব’র মতো সুপারহিট ছবি। এ ছাড়া গৌরী শিন্দের পরিচালনায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন আলিয়া।






