রাজধানীর হলি আর্টিজানে রক্তাক্ত হামলার মামলায় বুধবার রায় দেবেন আদালত। রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় নিরাপত্তা বাড়ানো ছাড়াও দুই জঙ্গিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে সিটিটিসি।
২০১৬ সালে রাজধানীর হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। অস্ত্রের মুখে বিদেশি অতিথিদের জিম্মি করে তারা ২২ জনকে হত্যা করে। দুই পুলিশ কর্মকর্তাকেও হত্যা করে তারা।
আড়াই বছর তদন্তের পর গত বছরের ২৩ জুলাই আদালতে চার্জশিট দেয় সিটিটিসি। প্রধান আসামিদের মধ্যে পুলিশের অভিযানে ১৩ জন নিহত হওয়ায় তাদের চার্জশিট থেকে বাদ দেয়া হয়।
ওই বছরের ২৬ নভেম্বর বিচার শুরু করে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। আদালতে সাক্ষ্য দেয় ১১৩ জন। গোয়েন্দারা জানতে পেরেছে, বৃহস্পতিবার রায়কে কেন্দ্র করে জঙ্গি নেটওয়ার্ক তৎপর হয়ে উঠেছে।
সিটিটিসি’র এডিশনাল কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, এদের ছোটখাটো যেসব সেল রয়েছে সেগুলো মূলত ভার্চুয়াল জগতে, অর্থাৎ সাইবার স্পেসে সক্রিয়।
তিনি বলেন, যে দু’জনকে এখনো গ্রেপ্তার করা যায়নি তাদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে, যেন তারা ২৭ নভেম্বরকে ঘিরে কোনো নাশকতা ঘটাতে না পারে।
হলি আর্টিজান হামলা মামলায় গ্রেপ্তার ৮ জঙ্গি হচ্ছে: জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধি, রাশেদ ওরফে র্যাশ, রাকিবুল ইসলাম রিগ্যান, মিজান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, শরিফুল ইসলাম খালেদ এবং মামুনুর রশীদ।
বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:







