হবিগঞ্জ শহরতলীর লম্বাবাক এলাকায় খোয়াই নদীতে নৌকা ডুবে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার রাতে খোয়াই নদীর লাম্বাবাক পাথরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার মানিকারআব্দা গ্রামের অবলা রানী সরকার (৩৫), বানিয়াচঙ্গ উপজেলার ভবানীপুর গ্রামের মুক্তা রানী দাস, দক্ষিণ সাঙ্গর গ্রামের ফুল বানী। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর ইউনিয়নের রাধাপুর গ্রামের আইনাল হক শহরের চৌধুরী বাজার পৌর ঘাটলা থেকে শতাধিক যাত্রী নিয়ে রওয়ানা হয়। যাত্রাপথে নদীতে বানের পানির স্রোত থাকায় নৌকাটি দ্রুতগতিতে যাচ্ছিল। এক পর্যায়ে নৌকাটি নদীর লম্বাবাক পাথরছড়া এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের সাথে ধাক্কা লাগে। এতে নৌকা উল্টে পানিতে ডুবে যায়।
অধিকাংশ যাত্রী সাতার কেটে নদীর পাড়ে উঠলেও বৃদ্ধ নারী ও শিশুরা পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।








