চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা হত্যার সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে ছাড়া হবে না, তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করানো হবে।’
জঙ্গিদের এই কাজকে কাপুরুষোচিত বলেও আখ্যায়িত করেন তিনি। সোমবার সন্ধ্যায় মদীনার হিলটন হোটেলে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময় করার সময় একথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, যারা একসময় বাস, ট্রেন লঞ্চে বোমা ছুড়ে মেরেছে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তারাই এখন গুপ্তহত্যায় নেমেছে।
এ ধরনের ঘটনা যেন আর কখনো বাংলাদেশে না ঘটে সেজন্য কোনো ধরনের সন্ত্রাসকেই বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি।
ঢাকার পুলিশ হেড কোয়াটারে সংযুক্ত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে রোববার সকালে বন্দরনগরী চট্টগ্রামে মোটরবাইকে করে এসে অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী উপর্যুপরি ছুরিকাঘাত এবং গুলি করে হত্যা করে।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী সৌদি প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন। সৌদি আরবের আইন-কানুন মেনেই সেখানে তাদের বসবাসের আহবান জানান প্রধানমন্ত্রী।







