চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যাকারী যেই হোক না কেন, তাকে খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সম্প্রতি চট্টগ্রামে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশে জঙ্গিবাদীরা হাসিনা সরকারের শক্ত অবস্থানের কারণে পরাজিত হয়েছে। সে জন্য মরিয়া হয়ে তারা পুলিশের গুরুত্বপূর্ণ কর্মকর্তার স্ত্রীকে, একজন নারী ও নিরস্ত্র মহিলাকে নৃশংসভাবে হত্যা করেছে। তারা কাপুরুষ। এমন হত্যাকাণ্ড ইসলামের দৃষ্টিতেও নিন্দাজনক, মানবতার ও গণতন্ত্রের দৃষ্টিতেও নিন্দাজনক। মিতুকে যারা হত্যা করে তারা দানব। এই দানবদের বাংলাদেশে দমন করবো।
চট্টগ্রামের জিইসি মোড়ে রোববার সকালে নির্মমভাবে খুন হন পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু। শিশুসন্তানের সামনে মাকে কুপিয়ে ও গুলিতে হত্যা নিশ্চিত করে মোটরসাইকেলে পালিয়ে যায় কিলাররা। দুইদিন হত্যাকাণ্ডে ব্যবহার করা মোটরসাইকেল উদ্ধার এবং সন্দেহভাজন ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় শিবির নেতা আবু নছর গুন্নু ও কালো মাইক্রোবাসের চালককে। মাইক্রোবাস চালককে জিজ্ঞাসাবাদ করে খুনিদের চেহারার বিবরণ পায় পুলিশ। শনিবার হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড সন্দেহে একজনকে গ্রেফতার করে পুলিশ।







