হলিউডের ব্যবসা সফল ‘আয়রন ম্যান’ সিরিজের তিনটি চলচ্চিত্র ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মাঝে। শুধু নিজস্ব সিরিজেই নয়, অন্য আরেক সুপার হিরো ক্যাপ্টেন অ্যামেরিকার সিরিজেও জমকালো উপস্থিতি ছিল সুপার হিরো চরিত্র আয়রন ম্যানের।
তবে ক্যাপ্টেন আমেরিকার নতুন সিক্যুয়েল ‘ক্যাপ্টেন অ্যামেরিকা: সিভিল ওয়ার’-এ আয়রন ম্যান থাকলেও এর পর আর তার নিজের সিরিজ এগোবে না – এমনটাই জানালেন সুপার হিরো নিজেই।
জনপ্রিয় মারভেল কমিক বুক চরিত্রের ওপর নির্মিত আয়রন ম্যান হিসেবে অভিনয়কারী হলিউড তারকা রবার্ট ডাউনি জুনিয়র বলেছেন, ‘ক্যাপ্টেন অ্যামেরিকা: সিভিল ওয়ার এক হিসেবে ক্যাপ্টেন অ্যামেরিকা সিরিজের তৃতীয় ছবি হলেও আমার জন্য এটি ছোট একটা আয়রন ম্যান ৪।
এরপর আমি যদি আবার আয়রন ম্যান সিরিজের চতুর্থ চলচ্চিত্র করতে যাই, সেটা হবে নতুন করে পুরোনো জিনিসে ফিরে যাওয়া, যার সবকিছুই সবাই ইতোমধ্যে জানে।’
মার্কিন সংবাদ মাধ্যম ইউএসএটুডে.কম নতুন আয়রন ম্যান সিক্যুয়েল কবে আসবে জানতে চাইলে এ কথা বলে নতুন ছবি আসার সম্ভাবনা শূন্যের কাছাকাছি বলে জানান ডাউনি।
শুধু তাই নয়, বিখ্যাত এই অভিনেতা অনেকটা বোমা ফাটানোর মতোই জানালেন, হয়তো ভবিষ্যতে তিনি মারভেলের আর কোনো চলচ্চিত্রই পরিচালনা করবেন না।
ক্যাপ্টেন অ্যামেরিকা: সিভিল ওয়ার আজ নর্থ আমেরিকায় প্রথম মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রটিতে ক্যাপ্টেন অ্যামেরিকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ক্রিস ইভানস। এবারের ছবিটিতে তাদের চরিত্রের অবস্থান হবে পরস্পর বিরোধী। তবে আশা করা যায় চলচ্চিত্রের শেষে তারা মিটমাট করে নেবেন।









