কুয়েতের শেখ জাবের আল আহমেদ স্টেডিয়ামে চলছিল ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার গালফ কাপ ফুটবলের ফাইনাল। খেলা শেষে যখন বের হচ্ছেন দর্শকরা, তখন আচমকাই ধসে পড়ে স্টেডিয়ামের কাচের দেয়াল। দুর্ঘটনায় আহত হয়েছেন খেলা দেখতে আসা অন্তত ৪০ দর্শক।
‘দর্শকরা যখন খেলা দেখে বের হচ্ছিলেন, তখনই জনস্রোতের চাপ সইতে না পেরে ভেঙ্গে পড়ে দেয়াল’ -সংবাদমাধ্যম কুনার নিজেদের প্রতিবেদনে দাবি করেছে এমনই।
তবে কেউ গুরুতরভাবে আহত হয়নি বলে দাবি করেছে কুয়েত ফুটবল ফেডারেশন। আহতদের দ্রুতই হাসপাতালে পাঠানো হয়। কাউকে কাউকে ছেড়ে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা দিয়েই। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আল জাবের আল-মুবারক আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুর্ঘটনার আগেই অবশ্য ম্যাচ জিতে নেয় ওমান। আরব আমিরাতকে পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে হারিয়ে গালফ কাপের ২৩তম আসর জিতেছে তারা।









