সান্টা রোজালিয়াতে চলছিল নেটফ্লিক্সের অরিজিন্যাল সিরিজ ‘দ্য চোজেন ওয়ান’র শ্যুটিং। স্পট থেকে বিমানবন্দরে যাওয়ার পথে বৃহস্পতিবার ১৬ জুন ঘটেছে সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রেমুন্ডো গুরডানো, জুয়ান ফ্রান্সিকো আগুলিয়া নামের দুই অভিনেতার।
জানা গেছে, সড়কপথে ভ্যানে চেপে স্থানীয় এয়ারপোর্টে যাচ্ছিলেন কলাকুশলীরা। মুলেগার কাছে এক সুনসান রাস্তায় ধাক্কা খেয়ে উল্টে যায় গাড়িটি। এতেই প্রাণ হারান দুই অভিনেতা।
দুই অভিনেতার মৃত্যুর কারণে প্রযোজনা সংস্থা ‘রেডরাম’ ইতোমধ্যেই স্থগিত করে দিয়েছে এই সিরিজের শুটিং। এই সিরিজের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। জানা যায়নি আবার কবে থেকে শুরু হবে এই সিরিজের শুটিং। এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
বাজা ক্যালিফোর্নিয়ার প্রশাসন পরে জানায়, রেমুন্ডো গুরডানো, জুয়ান ফ্রান্সিকো আগুলিয়া নামক দুই অভিনেতার মৃত্যু ছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। যাদের অবস্থা আপাতত স্থিতিশীল।
২০১৯ সালে লঞ্চ হয়েছিল নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য চোজেন ওয়ান’। মার্ক মিলার ও পিটার গর্সের লেখা ‘আমেরিকান জেসাস’ বই অবলম্বনে তৈরি এই সিরিজ।
হিন্দুস্থান টাইমস








