অধিনায়ক ড্যারেন স্যামির ঝড়ো ব্যাটিংয়ে খুলনা টাইটান্সকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী কিংস। মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করে ড্যারেন স্যামির অনবদ্য ৭১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রান করে রাজশাহী।
ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেন মুমিনুল ও জুনায়েদ। প্রথম তিন ওভার থেকে এই দুজন নেন মাত্র ১৩ রান। তবে চতুর্থ ওভারেই খোলস ছেড়ে বেরিয়ে আসেন রাজশাহীর দুই ওপেনার। কেভন কুপারের করা চতুর্থ ওভারে মুমিনুল দুটি ও জুনায়েদ একটি চার হাঁকান।
তবে পরের ওভারেই হোঁচট খায় রাজশাহী। মাহমুদউল্লাহর করা পঞ্চম ওভারের দ্বিতীয় বলে কট এন্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মুমিনুল। শফিউল ইসলামের করা ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন জুনায়েদ। তবে পরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তিনি সাজঘরে ফিরলে ম্যাচে ফিরে খুলনা।
পরপর দুই উইকেটের পতনের পর দেখে শুনে খেলতে থাকে সাব্বির ও সামিত। মোশাররফ হোসেন রুবেলের করা দশম ওভারের প্রথম বলে দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে রাজশাহীর দর্শকদের মাতান সাব্বির। তবে পরের বলে তিনি লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে গেলে ব্যাফুটে চলে যায় স্যামির দল।
সাব্বিরের আউটের পর পরই ফিরে যায় উমর আকমল ও সামিত প্যাটেল। এক পর্যায়ে ক্রিজে একাই লড়ে যান ড্যারেন স্যামি। তিনি মাত্র ৩৪ বলে চারটি চার ও পাঁচটি ছয়ে ৭১ রান করেন। স্যামি বিশাল বিশাল ছক্কা হাঁকিয়ে গ্যালারির দর্শকদের আনন্দে মাতান।
শেষ পর্যন্ত স্যামির কল্যাণেই ১৫৪ রানের পুঁজি পায় রাজশাহী কিংস।
খুলনার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন শাফিউল ইসলাম ও কেভন কুপার।







