নিজস্ব স্যাটেলাইট থাকা ৫৭ দেশের এলিট ক্লাবে এখন বাংলাদেশ। বর্তমান সরকার এবং দেশের এ অর্জনকে এখন পর্যন্ত স্বাগত জানায়নি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। এ প্রেক্ষিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলছেন: বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আকাশ জয় করতে যাচ্ছে সরকার। আশংকা হচ্ছে, আকাশ জয়কে বিএনপির নেতারা আবার ভারতের ষড়যন্ত্র বলে বসবেন না তো।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের আয়োজিত রুপরেখা বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন: শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র জয় হয়েছে। এবার আকাশ জয় করতে চলছে সরকার। বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সাবমেরিন ক্যাবল বিনা পয়সা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন বিএনপি বলেছিলেন দেশের সব তথ্য পাচার হয়ে যাবে। আসলে বিএনপির পক্ষে সাবমেরিন ক্যাবল ও স্যাটেলাইট বোঝা সম্ভব না।
আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, বিএনপির উচিত ছিলো সরকারকে অভিনন্দন জানানো। বিশ্বের ২০০ বেশি রাষ্ট্রের মধ্যে মাত্র ৫০টার চেয়ে কিছু বেশি দেশের স্যাটেলাইট আছে। আমরা সেই ক্লাবে যোগদান করেছি।
সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোল করার তাদের শাস্তির দাবিও করেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন: বেগম খালেদা জিয়াকে আইনের প্রক্রিয়া মুক্ত করা যাবে না। একটি ভিন্নতর আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে।
বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের এ বক্তব্যের কঠোর সমালোচনা করে হাছান মাহমুদ বলেন: বিএনপির আন্দোলনের আহবানে মরা গাঙ্গে জোয়ার আসে না। তাদের আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেয় না। মোশাররফের আন্দোলনের ডাক বর্ষাকালের ব্যাঙ ডাকার মতো।
শ্রমিকদের উদ্দ্যেশে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, শ্রমিকরা দাবী করার আগেই আমাদের নেত্রী আপনাদের দাবি পূরণ করেছে। এ সরকার শ্রমিকের অনেক প্রত্যাশার পূরণ করেছে। শ্রমিকদের অধিকার রক্ষা করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। তাই আগামীতে তাকে আবারও ক্ষমতা আনতে হবে।









