বাংলাদেশ সফরের আগে টাইগারদের নিয়ে গবেষণার অন্ত নেই অস্ট্রেলিয়ানদের। সেই গবেষণায় আবহাওয়া থেকে উইকেট, কোচ থেকে খেলোয়াড়, দল গঠন কিছুই বাদ যাচ্ছে না। অস্ট্রেলিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা থাকায় আসন্ন সিরিজে টাইগার কোচ হাতুরেসিংহে কি করতে পারেন তা নিয়ে আগের দিন এক বিশ্লেষণ প্রকাশ করে।
আর আজ সফরের একমাত্র গা গরমের ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ দল নিয়ে আরেকটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট ‘ক্রিকেট ডটকম এইউ’।
ওই বিশ্লেষণে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন দিনের অনুশীলন ম্যাচের জন্য ‘হেভি পেস অ্যাটাক’ নিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ। তাদের বোলিংয়ের মূল শক্তি স্পিন অস্ত্র লুকাতেই প্রথমসারির কোনো স্পিনারকে দলে নেয়নি তারা।
তারা আরো বলেছে, ঐহিত্যগতভাবে ‘লো এবং স্লো’ পিচ হওয়া সত্ত্বেও ১৩ জনের স্কোয়াডে চার পেসারের সাথে শুধু পার্টটাইম স্পিন অলরাউন্ডারদের রাখা হয়েছে। সুতরাং দুই ম্যাচ টেস্ট সিরিজের আসল যুদ্ধ শুরু হওয়ার আগে বাংলাদেশের মূল স্পিনারদের মোকাবেলার সুযোগ পাচ্ছেন না স্মিথরা।
বিসিবি একাদশে পেসারদের পাশাপাশি বেশি ব্যাটসম্যান নেয়া হয়েছে। দলে আছেন ওপেনার ইমরুল কায়েস, সৌম্য সরকার, আনামুল হক, নাঈম ইসলাম, শুভাগত হোম ও ঘরোয়া টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম করা মোসাদ্দেক হোসাইন। এর ব্যাখ্যায় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন বলেছেন, অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক অনেক ভালো হওয়ায় দলে বেশি ব্যাটসম্যান নেয়া হয়েছে।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যেকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ৯ অক্টোবর, চট্টগ্রামে।






