পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খুব একটা ভালো কাটেনি স্টিভেন স্মিথের। তাতেই গেলেন পিছিয়ে। বাংলাদেশের বিপক্ষে ১৩৬ রানের এক ইনিংস খেলে অস্ট্রেলিয়ান তারকার থেকে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা পুনরুদ্ধার করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
ব্রিসবেন ও অ্যাডিলেড টেস্টে দুই ইনিংসে মোট ৪০ রান করেন স্মিথ। তাতে হারিয়েছেন গুরুত্বপূর্ণ ৮ রেটিং পয়েন্ট। এক সিরিজের ব্যর্থতায় ৯৩১ থেকে তার রেটিং পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ৯২৩তে।
ইন্দোর টেস্টে শূন্যরানে আউট হলেও ইডেনে দিবা-রাত্রির টেস্টে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। ভারত অধিনায়কের রেটিং পৌঁছে গেছে ৯২৮ পয়েন্টে। উঠে গেছেন আইসিসি টেবিলের শীর্ষে। স্মিথের সঙ্গে তার রেটিং পয়েন্টের পার্থক্য এখন পাঁচ। স্মিথ তাই দুইয়ে।
পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ৪৮৯ রান করেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। অ্যাডিলেডে খেলেছেন অপরাজিত ৩৩৫ রানের ইনিংস। বড় লাফে ১৭ থেকে র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে উঠে এসেছেন বল টেম্পারিংয়ে একবছর নিষেধাজ্ঞা কাটানো বাঁহাতি ব্যাটসম্যান।
বড় দাওটা মেরেছেন মার্নাস লাবুশেন। বছরের শুরুতে ছিলেন র্যাঙ্কিংয়ের ১১০তম স্থানে। শেষে এসে র্যাঙ্কিংয়ে ১০০তম লাফ মেরে ঠিক দশে চলে এসেছেন অজি ব্যাটসম্যান। উন্নতি হয়েছে মিচেল স্টার্কেরও। চার ধাপ উন্নতিতে ১৪ নম্বর স্থানে উঠে এসেছেন অজি পেসার।








