স্বামী, সংসার থাকার পরও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্য যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান নাটোরের এক গৃহবধূ। কিন্তু স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন ঘর বাঁধবেন কিভাবে? তাই অনেক ভেবে-চিন্তে আশ্রয় নেন এক অভিনব কৌশলের।
সিরাজগঞ্জে একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করা স্বামীসহ অন্যদের কাছে নিজেকে মৃত সাজতে সেই গৃহবধূ জীবিত থেকেও ফেসবুকে ‘লাশের ছবি’ প্রচার করেন।
তবে ময়মনসিংহের কেবল ব্যবসায়ী প্রেমিকের সাথে পালিয়ে গিয়েও বেশি দিন আড়ালে থাকতে পারেননি তারা। শেষ পযর্ন্ত নাটোর জেলা পুলিশ ওই গৃহবধূকে জীবিত অবস্থাতেই উদ্ধার করেছে।
এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে নাটোর পুলিশ অফিসে চত্বরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘ওই গৃহবধূর স্বামী এই ঘটনায় নাটোরের বড়াইগ্রাম থানায় মামলা করার পর অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে প্রেমিকসহ গৃহবধূকে উদ্ধার করা হয়।’
‘‘মূলত প্রেমিকের কাছে যেতে স্বামীর ঘর ছাড়তেই এমন পরিকল্পনা করে সে। তাকে হত্যা করা হয়েছে এমন নাটক সাজিয়ে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন নিজের লাশের বানানো ছবি। তারপরও শেষ রক্ষা হয়নি ওই গৃহবধূর।’’







