বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস। জাতীয় এ দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা জানাচ্ছেন সব শ্রেণি-পেশার মানুষ। ব্যতিক্রম নন ক্রিকেটাররাও। দিনটিতে বিশেষ বার্তা দিচ্ছেন তারাও।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও এমপি মাশরাফী বিন মোর্ত্তজা ১৯৭১ সালে আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে বিশেষ বার্তা দিয়েছেন। লিখেছেন, ‘সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
এখন আইপিএল খেলতে ব্যস্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টুর্নামেন্টে এবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি। খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সেখান থেকেই মহান স্বাধীনতা দিবসের বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক।
ফেসবুকে লিখেছেন, স্বাধীনতার ৪৯তম বছরে আমি সালাম জানাই তাদের, যারা আমাদের মাতৃভূমির জন্য দিয়েছেন প্রাণ। তাদের আত্মত্যাগের গল্পগুলো দিয়ে গাঁথা আমাদের এই মহান পতাকা। সেই গল্পগুলো অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায় এবং লাখো বাঙালির হৃদয়ে।
সাকিব আরো লিখেছেন, যে দেশ নিয়ে আমরা গর্ব করি, সে দেশটিকে স্বাধীনতা এনে দেয়ার জন্য আমরা তাদের প্রতি আজন্ম ঋণী থাকবো। আসুন, আমরা আমাদের কাজ দিয়ে সেই মহান পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখি। সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার জন্য আত্মত্যাগীদের তরে শ্রদ্ধা।
পেসার তাসকিন আহমেদ তার বার্তায় বলেছেন, মুক্তিযুদ্ধের শহীদদের কখনো ভোলা যাবে না। লিখেছেন, ‘এটা আমাকে গর্বিত করে যে আমি এই মহান দেশের নাগরিক। আমাদের দেশের জন্য জীবন দেয়া বীরদেরকে কখনো ভোলা যাবে না। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
ওপেনার এনামুল হক বিজয় বাংলাদেশি হিসেবে নিজেকে গর্বিত মনে করেন জানিয়ে লিখেছেন, ‘সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। একজন বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি।’
সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। দেশের পতাকায় নিজেকে মুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়েছেন মুশফিক।
সঙ্গে লিখেছেন, স্বাধীনতার অমৃত স্বাদে ভরে উঠুক সবার মন, দূর হোক সব দ্বন্দ্ব-হানাহানি, শুধু দেশের জন্য লড়ুক সবাই এক হয়ে, এক আত্মা হয়ে। আর যেন কোন হাহাকার এসে হানা না দেয় এই বাংলার মাটিতে, আর যেন রক্তে রঞ্জিত না হয় এই বাংলার মাটি নিজের সন্তানের রক্তে। বিনম্র শ্রদ্ধা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি।







