স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জামায়াত, আনাসারুল্লাহ বাংলা, আনসারুল ইসলাম সবই একইসূত্রে গাঁথা।স্বাধীনতাবিরোধী চক্রই প্রকাশক হত্যার সঙ্গে জড়িত।
আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকাশক হত্যা ও হামলার ঘটনা দু’টি তদন্ত করছে ডিবি ও পুলিশ। যারা এর আগে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল তারাই এই ধরনের হামলা করেছে। তবে অপরাধীরা ছাড় পাবে না।
তিনি বলেন, শুদ্ধস্বরের প্রকাশক টুটুলকে পুলিশি নিরাপত্তা দেয়া হয়েছিল। কিছু দিন পুলিশি নিরাপত্তা চলেছেও। কিন্তু পরে টুটুল বলেছিলো, এতে তার ব্যবসা ক্ষতি হচ্ছে। পুলিশি নিরাপত্তা তার দরকার নেই।
মন্ত্রী আরো বলেন, বাসা-বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি লাগানোর নির্দেশনা থাকলেও তা মানেনি অনেকেই। এ কারণে অপরাধী সনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।
দীপন হত্যা ও টুটুলসহ তিনজনের উপরে হামলার ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।







