কোয়ার্টারে সাউথ আফ্রিকাকে তাদেরই মাটিতে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো যুব বিশ্বকাপের সেমিতে উঠে গেছে বাংলাদেশ।
সেমিফাইনালে টাইগার অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের যুবারা। যারা বুধবার কোয়ার্টারে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। টাইগার-কিউই সেরা চারের ম্যাচটি হবে ৬ ফেব্রুয়ারি। আর এই হারে ঘরের মাঠের টুর্নামেন্টে সেমির আগেই দর্শক বনে গেল স্বাগতিক প্রোটিয়ারা।
পচেফস্ট্রুমে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ২৬১ রান তোলে বাংলাদেশ। চলতি আসরে আগের দুই কোয়ার্টার ফাইনালের ফল, সঙ্গে প্রথম ইনিংসে পচেফস্ট্রুমের উইকেটের স্পিনবান্ধব আচরণ, টের পাওয়া যাচ্ছিল স্পিনাররা ছড়ি ঘোরাবেন পরের ইনিংসেও। হলও সেটাই, স্পিনার রাকিবুল হাসানের ঘূর্ণি সইতে না পেরে ১৫৭ রানে অলআউট প্রোটিয়ারা। ১৯ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা রাকিব।
আড়াইশ পেরনো লক্ষ্যের জবাবে সাবধানী শুরু করতে চেয়েছিল সাউথ আফ্রিকা। তাতেই চেপে বসে রানরেটের ফাঁদ। সেটার সাথে তাল মেলাতে না পেরে দশম ওভারে ফেরেন ৩৩ বলে ১৫ করা খানিয়া কোতানি।
৩৯ বলে ৩৫ করা আরেক ওপেনার জ্যাকসন বার্ডকে ফিরিয়ে চাপ দ্বিগুণ করেন রাকিবুল। সেটা তিনগুণ হয় যখন রাকিবুলের অসাধারণ টার্নে বোল্ড হয়ে ফিরে যান অধিনায়ক ব্রাইস পারসন। ৫৯ রানে ৩ উইকেট হারায় প্রোটিয়ারা।
উইকেটের সঙ্গে রানরেটের চাপে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি সাউথ আফ্রিকা। একটা প্রান্ত আগলে লুক বিউফোর্ট ৬০ রান করলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
রাকিবের পাশাপাশি গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়ে দলকে জেতাতে সাহায্য করেছেন তানজিম হাসান সাকিব।
আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ভালো করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওপেনিং জুটিতে এসেছে ৬০ রান। যার বেশিরভাগ রানই তানজিদ হাসান তামিমের।
৪০ বলে ১৭ করে আউট হন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। পরে মাহমুদুল হাসান জয় মাত্র ৩ করে রানআউট হলে খানিকটা ছন্দপতন বাংলাদেশের।
সেই অবস্থা থেকে তৌহিদ হৃদয়কে নিয়ে ৫৭ রানের জুটিতে রানের ভিত শক্ত করেন তামিম। তুলে নেন ফিফটি। একটা সময় সুবাস পাচ্ছিলেন সেঞ্চুরিরও। ২০ রান দূরে থাকতে ৮৪ বলে ১২ চারে ৮০ করে আউট হন বাঁহাতি ওপেনার।
তামিম আউট হলেও রানের চাকা সচল রাখেন তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেন। ১০২ রানের জুটিতে ফিফটি পেয়েছেন দুজনেই। ৭৩ বলে ৫১ করেছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হৃদয়। ৭৬ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন শাহাদাত।
দেশ ছাড়ার আগে অধিনায়ক আকবর আলী ইচ্ছার কথা জানিয়ে গিয়েছিলেন, বিশ্বকাপের সেমিতে উঠে বোর্ড সভাপতিকে সাউথ আফ্রিকায় নিতে চান। কেননা নাজমুল হাসান পাপন বলেছিলেন, সেখানে যাননি তিনি। সেটিও বাস্তব হতে চলেছে বাংলাদেশ যুব দলের এই সাফল্যে!







