স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ বিকাল ৩টায় সচিবালয়ে সাক্ষাত করবেন বিএনপির শীর্ষসারির নেতাদের প্রতিনিধিদল। প্রতিনিধি দলে থাকছেন বিএনপি মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির ১০ সদস্য। অনেকের প্রশ্ন, কী দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন?
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিশেষায়িত হাসপাতালে করার দাবিসহ নির্বাচন সংক্রান্ত বেশকিছু পরামর্শসহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দাবি জানাবে বিএনপি।
রোববার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তিনি এসব জানান। এর আগে মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেত্রীদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে পুস্পার্ঘ অর্পণ করেন খন্দকার মোশাররফ।
আজ বিকেল ৩ টায় বিএনপির স্থায়ী কমিটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন৷
এবিষয়ে খন্দকার মোশাররফ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আমরা প্রথম দাবি জানাবো যে, অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসা করানো হোক।
খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার উন্নত চিকিৎসার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে আমাদের সুযোগ দেওয়া হোক। তাকে আমরা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করাবো। চিকিৎসা করে তাকে সুস্থ করে তার বিচার করুন। এতে আমাদের কোন আপত্তি নাই।
খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নির্বাচনে যাবে মন্তব্য করে তিনি বলেন, এই নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, নির্বাচন কমিশন পুনর্গঠন করে, সংসদ ভেঙে দিয়ে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে। বেগম জিয়াকে নিয়ে আমরা সেই নির্বাচনে যাবো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে নতুন করে গণগ্রেপ্তার শুরু হয়েছে। আমাদের কোন আন্দোলন-কর্মসূচি নেই এবং রাজপথে কোন কর্মী নাই। কিন্তু এখন কেনো গণগ্রেপ্তার চলছে? উদ্দেশ্য হচ্ছে, বেগম জিয়াকে জেলে রেখে, আমাদেরকে আদালতের কাঠগড়ায় রেখে এবং বিএনপি ও ২০ দলকে বাইরে রেখে সরকার নির্বাচন করতে চায়।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, নিরপেক্ষ সরকারের দাবি আমরা আদায় করবো। বেগম জিয়াকে মুক্ত করে নির্বাচনে যাবো। যতই ষড়যন্ত্র তারা করুক। এবার তারা (সরকার) পার পাবে না। সরকারকে পালাতে হবে৷
এসময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








