এখনও বিশ বছরে পা দেননি। এরই মধ্যে গতিময়-কার্যকর বোলিংয়ে টাইগার টিমের প্রায় নিয়মিত সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। বেশি দিন অপেক্ষা করতে হয়নি ‘সাদা পোশাক’ গায়ে মাঠে নামতে, সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয়েছে তার।
কাটার, অফকাটার, স্লোয়ার, দুর্দান্ত গতির সমন্বয়ে বৈচিত্রময় বল করে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে পারদর্শী সাতক্ষীরার এই তরুণ বোলার, বাংলাদেশের পেস আক্রমণের শক্তিকে বাড়িয়ে দিয়েছেন বহুগুণ। আর তাই টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা সাউথ আফ্রিকার বিপক্ষে সাদা-পোশাকে মুস্তাফিজকে নামাতে খুব বেশি ভাবতে হয়নি টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমকে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক এবং ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচের অভিষেক এই বিস্ময় বালকের। চলতি বছরের আঠারো জুনে ওয়ানডেতে অভিষেক হওয়া এই বাহাতি বোলার এরই মধ্যে ৬ টি আন্তজার্তিক ওয়ানডে ম্যাচ খেলে নিয়েছেন ১৮ টি উইকেট। আর এপ্রিলের ২৭ তারিখ টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচ খেলা মুস্তাফিজ তিনটি টি-২০ ম্যাচ খেলে নিয়েছেন ৩ উইকেট।
ভারতের বিপক্ষে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অভিষেক ম্যাচেই ৫ উইকেট শিকার করেন এই বৈচিত্রময় বোলার। আর মিরপুরেই টি-২০ অভিষেক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২ উইকেট লাভ করেন। যার মধ্যে একটি আবার শহিদ আফ্রিদির।
ব্যাটিং শক্তিতে ক্রিকেটের অন্যতম সেরা দল প্রোটিয়াদের বিপক্ষে মুস্তাফিজ আরও একবার জ্বলে উঠবেন তার অপেক্ষায় থাকবে গোটা বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলতে থাকা ট্যাস্ট র্যাঙ্কিংয়ের নয় নম্বর স্থানধারী বাংলাদেশ ওয়ানডের মতো টেস্টেও ক্রিকেটের পরাশক্তি সাউথ আফ্রিকাকে চমকে দেবেন এই প্রত্যাশা কোটি টাইগার ভক্তদের।







