হাইকোর্টে বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ না পাওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন বিচারপতি ফরিদ আহমদ শিবলী। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার এই রিট আবেদনটি করা হয়।
রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ চ্যানেল আই অনলাইনকে জানান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে।
এর আগে আজ সকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া আট বিচারপতি শপথ নেন।
শপথ নেয়া আট বিচারপতি হলেন- বিচারপতি এসএম মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. সোহরাওয়ারদী ও বিচারপতি মো. সেলিম।
গত ৮ ফেব্রুয়ারি এই আট বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি এই আট বিচারপতিসহ মোট ১০ জনকে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। এই ১০ জনের মধ্যে ছিলেন আজকের রিটকারি বিচারপতি ফরিদ আহমদ শিবলী।







