প্রাক্তন স্ত্রীকে নির্যাতনের অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল স্লাটারের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে মানসিক স্বাস্থ্য বিচ্যুতির কারণ দেখিয়ে ৫২ বর্ষী তারকার বিরুদ্ধে আনা পারিবারিক সহিংসতার অভিযোগ খারিজ করে সিডনির একটি হাসপাতালে নেয়া হয়েছে।
গত অক্টোবরে প্রাক্তন স্ত্রীকে ভয় দেখানো, হয়রানি, অপমান করার পাশাপাশি এক নারীকে ধাওয়া দেয়ার অভিযোগ আনা হয় সাবেক ব্যাটারের বিরুদ্ধে। ডিসেম্বরে স্লাটারকে গ্রেপ্তার করা হয়েছিল।
গত ১৪ ডিসেম্বর রাতে স্ত্রীর ফোন নম্বর বন্ধ থাকার পরও আড়াই ঘণ্টার ব্যবধানে ৬৬টি বার্তা পাঠানো ছাড়াও ১৮ বার ফোন করেছিলেন স্লাটার।
স্লাটারের আইনজীবী পন্টেলো গত সপ্তাহে আদালতে জানান, অপরাধের সময় বড় ধরনের ডিপ্রেসিভ ডিসঅর্ডার এবং এডিএইচডিসহ বেশ কয়েকটি মানসিক রোগে ভুগছিলেন তিনি। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ১০৮ দিন পুনর্বাসন কেন্দ্রে কাটিয়েছেন বলেও জানানো হয়।
করোনা মহামারির সময়ে বেশ কিছুদিন ভারতে আটকে থেকে দেশে ফেরার পর দীর্ঘ কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল স্লাটারকে। যা তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায়। এসময় স্ত্রীর সাথে সম্পর্ক ভেঙে যাওয়ায় অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। আইপিএল স্থগিতের পর প্রধানমন্ত্রী স্কট মরিসনকে লক্ষ্য করে একের পর এক আপত্তিকর টুইটও করেছিলেন।
সিডনি পুলিশ প্রসিকিউশন অবশ্য স্লাটারের আবেদনের বিরোধিতা করেছিল। শেষ পর্যন্ত রায় তার পক্ষেই গেছে। হাসপাতালে পাঠানো হয়েছে অজি তারকাকে।
সবকিছু বিবেচনায় এনে আদালত স্লেটারকে আগামী একবছর চিকিৎসা পরিকল্পনা মেনে চলার নির্দেশ দিয়েছেন।
টেস্টে ৭৪ ম্যাচে ১৩১ ইনিংসে ৫,৩১২ রান আছে স্লাটারের। ওয়ানডেতে ৪২ ম্যাচে ৯৮৭ রান করেছেন। অজিদের হয়ে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত খেলেছেন তিনি।








