মূল্য ছিল ১২ কোটি রুপি। ১৩ ম্যাচে রান করেছেন ১৯৬। হিসাব করলে রানপ্রতি টাকার পরিমাণ আসে ৮ লাখ ৩৫ হাজার।
আইপিএলে স্টোকস এবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। ১১তম আসরে বিদেশি খেলোয়াড়দের ভেতর তার দাম ছিল সবচেয়ে বেশি। এই সপ্তাহে তিনি ভারত ছাড়ছেন।
স্টোকসের অবস্থা কেন এমন, সে বিষয়ে বিভিন্ন ধারাভাষ্যকার বলেছেন, রাস্তায় মারামারি করে মামলায় ঝুলে থাকার কারণে স্টোকসের মানসিক অবস্থা ভালো নেই। হয়তো সেটা মাঠের খেলায় প্রভাব ফেলেছে।
কিউই তারকা স্কট স্টাইরিস বলেন, ‘মাঠে স্টোকসকে এবার এতটুকু আগ্রাসী মনে হয়নি। হয়তো মারামারির ঘটনা তার খেলায় প্রভাব ফেলেছে।’
গত বছর সেপ্টেম্বরে নাইট ক্লাবে মাতাল হয়ে একজন সেনা সদস্যকে ঘুষি মারার অপরাধে স্টোকসের নামে মামলা করে পুলিশ। সেই ঘটনার সময় স্টোকসের সঙ্গে ছিলেন আরেক ইংলিশ সতীর্থ অ্যালেক্স হেলস। এই দুই খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে। অ্যাশেজেও স্টোকস খেলতে পারেননি।
আইপিএলে স্টোকসের দাম বাড়তে থাকে ২০১৭ সাল থেকে। সেবার রাইজিং পুনে সুপারজায়ান্ট তাকে ২.১৬ মিলিয়ন ইউএস ডলার দিয়ে কিনে নেয়। ৩১৬ রান করার পাশাপাশি ১২ উইকেট নেন। এবার নিতে পেরেছেন ৮ উইকেট।







