হাতাহাতিতে জড়িয়ে গ্রেপ্তার হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডে থেকে তাকে বাদ দেয়া হয়েছে। কিন্তু আসন্ন অ্যাশেজ যুদ্ধে বেন স্টোকসকে উপেক্ষা করতে পারল না ইংল্যান্ড। পরীক্ষিত অলরাউন্ডারকে সহ-অধিনায়কের দায়িত্বে বহাল রেখেই ১৬ সদস্যের অ্যাশেজ দল দিয়েছে ইসিবি।
আগামী ২৩ নভেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হবে আসন্ন অ্যাশেজ সিরিজ। যাতে জো রুটের অধিনায়কত্বে স্কোয়াডে দেখা মিলছে তিন নতুন মুখের। উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেন ফোকস, পেস-বোলিং অলরাউন্ডার ক্রেইগ ওভারটন ও লেগস্পিনার ম্যাসন ক্রেইন ডাক পেয়েছেন।
২৩ বছর বয়সী পেসার ওভারটন কাউন্টিতে সমারসেটের হয়ে চলতি মৌসুমে ৪৬ উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও আছে অবদান। ফোকস সেখানে ডাক পেয়েছেন প্রধান উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর বিকল্প হিসেবে। কাউন্টির চলতি আসরে সারের হয়ে ৪৫.৩৩ গড়ে করা ৬৮০ রান তাকে জাতীয় দলের স্কোয়াডে টেনে এনেছে।
স্পিনের মূল কাজটা মঈন আলিই করছেন। ২০ বছর বয়সী লেগস্পিনার ক্রেইনের চ্যালেঞ্জ হবে ইংলিশ দলের জন্য নিজের দুয়ারটা অবারিত করার ভিত্তিটা স্থাপন করা। গত বছর ৭টি টেস্ট খেলে ছিটকে যাওয়া জেমস ভিন্স কাউন্টিতে ৩৩.১১ গড়ে ৫৯৬ রান করে আবারও ফিরেছেন।
ইংল্যান্ডের অ্যাশেজ দল:
জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, অ্যালিস্টার কুক, বেন স্টোকস (সহ-অধিনায়ক), মার্ক স্টোনম্যান, জেমস ভিন্স, ক্রিস ওকস, জ্যাক বল, গ্যারি ব্যালান্স, মঈন আলি, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাসন ক্রেইন, বেন ফোকস, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন।







