স্কটল্যান্ড যদি যুক্তরাজ্য থেকে বেরিয়ে যায় তবে আগামী তিন-চার বছরের মধ্যে পাউন্ডের মূল্য এক ডলারেরও নিচে নেমে যাবে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বিনিয়োগকারী জিম রজার্স।
‘ যুক্তরাজ্য ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ায় যে অনিশ্চয়তা চলছে তা থেকে স্কটল্যান্ডের বেরিয়ে আসা উচিৎ’। স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেওনের এই মন্তব্যের পর যুক্তরাজ্যের ভবিষ্যৎ নিয়ে এমন হুঁশিয়ারি দিলেন রজার্স।
কোয়ান্টাম ফান্ডের এই উদ্যোক্তা বলেন,‘ মারাত্মক সমস্যায় আছে যুক্তরাজ্য’।
বিবিসি’র সঙ্গে এক আলাপচারিতায় তিনি বলেন,‘ যদি স্কটল্যান্ড বেরিয়ে যায় তবে সঙ্গে করে তাদের তেলও নিয়ে যাবে এবং এই ধাক্কায় পড়ে যাবে পাউন্ডের দাম। এমন ধস নামলে পাউন্ডের দাম অবশ্যই এক ডলারেরও নিচে নেমে যাবে’।
শুধু জিম রজার্স নন ব্যাংক অব ইংল্যান্ড-এর নীতি নির্ধারক মাইকেল সন্ডার্স বলেন,‘ পাউন্ডের দাম যদি আরও কমে যায় তাতেও অবাক হবো না’।








