শুরুর মতো শেষটা হলো না বাংলাদেশের। স্লগ ওভারে বলের চেয়ে বেশি রান তুলতে না পারার ব্যর্থতা এনে দিতে পারেনি বড় পুঁজি। টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১২০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ নারী দল।
সংযুক্ত আরব আমিরাতের শারজায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রানের বেশি তুলতে পারেনি টিম টাইগ্রেস। সোবহানা মোস্তারি সর্বোচ্চ ৩৬, সাথী রাণী ২৯ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৮ রান করেন।
স্কটিশ অফস্পিনার সাসকিয়া হরলি তিন উইকেট নেন। বোলিং করেন মাত্র ২ ওভার। শারজায় উইকেটে স্পিন বেশ ভালো ধরায় বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে ম্যাচে।
ভালো শুরু এনে দেন সাথী ও মুর্শিদা খাতুন। ১৪ বলে একটি চারে ১২ রান করে ফেরেন মুর্শিদা। এ বাঁহাতি ওপেনার যখন আউট হন বাংলাদেশের সংগ্রহ ২৬ রান।
তিনে নেমে সোবহানা এগিয়ে নেন বাংলাদেশ ইনিংস। সাথীর সঙ্গে দারুণ এক জুটিতে দলীয় পঞ্চাশ পার করেন। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান জমা করে জ্যোতির দল।
৬৮ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৩২ বলে তিনটি চারে ২৯ করে ফেরেন সাথী। বিশ্বকাপের মঞ্চে অভিষেক টি-টুয়েন্টিতে রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে ফেরেন তাজ নাহের। পর পর দুই ওভারে উইকেট হারায় বাংলাদেশ।
নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষে প্রত্যাশা অনুযায়ী রান তুলতে পারেনি বাংলাদেশ। ফাহিমা খাতুন ৫ বলে ২টি চারে ১০ রানের ইনিংস খেলে প্রতিপক্ষের আস্কিং রেট ছয়ে রাখেন।
বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে শততম টি-টুয়েন্টি ম্যাচে নামা জ্যোতি ১৮ বলে ১৮ রান করেন একটি চারের সাহাজ্যে। মি. এক্সট্রা থেকে আসে মাত্র ৩ রান।









