বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের জন্য সৌম্য সরকারকে দলে টেনেছে রাজশাহী কিংস। পেসার রুবেল হোসেনকে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। আরেক পেসার তাসকিন আহমেদ খেলবেন সিলেট সিক্সার্সে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
রোববার ঢাকার একটি হোটেলে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে খেলোয়াড়দের দলে টানে ফ্রাঞ্চাইজিগুলো।
ছয় ক্যাটাগরিতে খেলোয়াড়ের তালিকা করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। ‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরিতে তাদের রাখা হয়েছে। এ গ্রেডের ভিত্তিতেই খেলোয়াড়দের মূল্য নির্ধারণ করা হয়।
‘এ’ ক্যাটাগরিতে ছিলেন সৌম্য ও রুবেল। তাদের ভিত্তিমূল্য ২৫ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে তাসকিন আহমেদ। তার ভিত্তিমূল্য ১৮ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে থাকা স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আগের আসরে চিটাগং ভাইকিংসের আইকন খেলোয়াড় ছিলেন সৌম্য। এবার তাকে ছেড়ে দিয়েছে ভাইকিংস। সুযোগ পেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো টাইগার ওপেনারকে দলে টেনেছে রাজশাহী। আগে থেকে এই দলে আছেন মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ ও ক্রিস্টিয়ান জোংকার।
সৌম্যর সঙ্গে চিটাগং ভাইকিংসে ছিলেন পেসার তাসকিন আহমেদও। তাকে এবার দলে টেনেছে ওয়াকার ইউনুসের কোচিংয়ে থাকা সিলেট।
পঞ্চম আসরে রংপুর রাইডার্সে ছিলেন পেসার রুবেল হোসেন। এই আসরে নাম লেখালেন ঢাকা ডায়নামাইটসে। ঢাকায় তার সতীর্থ থাকবেন সাকিব আল হাসান, সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও হজরতুল্লাহ জাজাইরা।
গত আসরে রাজশাহী কিংসে ছিলেন মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের নিয়মিত এই সদস্যকে এবার নিজেদের করে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লায় আগে থেকে আছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, আসিলা গুনারত্নে ও লিয়াম ডওসন।
নতুন বছরের ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে বিপিএল চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।








