চট্টগ্রাম থেকে: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে ছিলেন টেস্ট সিরিজের মূল স্কোয়াডের সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন ও নাঈম হাসান। টেস্ট সিরিজ শুরুর আগে পারফরম্যান্স দিয়ে তিন ক্রিকেটারই বাড়িয়েছেন নিজেদের আত্মবিশ্বাস।
এমএ আজিজ স্টেডিয়ামে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান তোলার পর ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বিসিবি একাদশ ৫ উইকেটে ২৩২ রান করার পর ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।
ম্যাচের প্রথম দিন অফস্পিনার নাঈম নেন দুটি উইকেট। দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে সৌম্য খেলেছেন ৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস। মিঠুন অপরাজিত থাকেন ২৮ রান করে। খেলেছেন সময় নিয়ে। ১২২ মিনিট উইকেটে কাটিয়ে মোকাবেলা করেন ৭০ বল।
উদ্বোধনীতে সৌম্য ও সাদমান ইসলাম মিলে গড়েন ১২৬ রানের জুটি। ওয়েস্ট ইন্ডিজ উইকেট হারায় শুরুতেই। দুই দলের মাঝে ম্যাচে পার্থক্য এটুকুই।
ম্যাচের প্রাপ্তি নিয়ে তাই মিঠুন বললেন, ‘ওদের থেকে শুরুটা আমাদের ভালো হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বোলিং তো অবশ্যই ভালো। বিশেষ করে পেস বোলিং নিয়ে কোনো প্রশ্ন নেই। বিশ্বমানের বোলার তাদের আছে। হয়তো উইকেটের কারণে সহজেই আমরা ওদের পেস মোকাবেলা করতে পেরেছি। উইকেটে বোলারদের জন্য সুবিধা না থাকলে বোলারদের কিছু করারও থাকে না।’
ব্যাটিং সহায়ক উইকেটে উইন্ডিজ পেসারদের দারুণ সামলেছেন বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। সৌম্যর দিনে সাদমান করেছেন ৭৩ রান। আবার স্বাগতিকদের শক্তির জায়গা স্পিন দারুণ সামলেছে সফরকারীরা।
প্রস্তুতি নিয়ে তাই সন্তুষ্টি ঝড়ল উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের কণ্ঠেও, ‘যে লক্ষ্যে আমরা প্রস্তুতি ম্যাচ খেললাম সেটি মোটামুটি অর্জিত হয়েছে। মনে হচ্ছে প্রথম টেস্টের উইকেট এমনই হবে।’
আগামী ২২ নভেম্বর বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচের ভেন্যুতে সোমবার সকালে অনুশীলন সেরেছে সাকিব আল হাসানের দল।







