চট্টগ্রাম থেকে: দশদিন পর আঠারোতে পা রাখবেন নাঈম হাসান। জন্মদিনের আগেই হয়ে যাচ্ছে এ তরুণের টেস্ট অভিষেক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট একাদশে আছেন এই অফস্পিনার। তার অভিষেক ম্যাচে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ফিরেছেন সৌম্য সরকার।
এক সিরিজ পর টেস্ট দলের নেতৃত্বে ফিরেছেন সাকিব। তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তা কেটে গেছে। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেন সবশেষ সিরিজ। একই প্রতিপক্ষের সঙ্গে এবার ঘরের মাঠে ফেরা তার।
জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে থাকলেও খেলা হয়নি নাঈমের। বছরের শেষ দিকে জাতীয় লিগের শেষ রাউন্ডে এক ইনিংসে ৮ উইকেট নিয়ে আবার টেস্ট দলে ডাক পান চট্টগ্রামের ছেলে। ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুই উইকেট নিয়ে দেন আস্থার প্রতিদান। এরপর ঘরের মাঠেই অভিষেক। নাঈম বাংলাদেশের ৯৩তম ক্রিকেটার যার মাথায় উঠল টেস্ট ক্যাপ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে ৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার পাঁচটিতে হার স্বাগতিকদের। ড্র হয়েছে একটি। পরিসংখ্যান সাকিবদের পক্ষে কথা না বললেও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে দাপুটে জয় দলের মাঝে ফিরিয়ে এনেছে ইতিবাচক মনোভাব।
গেল সিরিজে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি, মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি সরিয়ে দিয়েছে হতাশার মেঘ। যারা ভালো করতে পারেননি তাদের দিকে এবার প্রত্যাশা নিয়ে তাকাচ্ছেন সাকিব।
‘আমার ধারণা সবাই মানসিকভাবে ভালো অবস্থানেই আছে। দুই একজন হয়তো ওইভাবে ভালো ব্যাটিং করতে পারেনি। অবশ্যই সবাই বেশ ভালোভাবেই চেষ্টা করবে সামনের ম্যাচগুলোতে পুষিয়ে দিতে।’
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।







