আরব ইসলামিক আমেরিকান সম্মেলন এআইএ-তে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের রিয়াদে গ্লোবাল সেন্টার ফর কমব্যাটিং এক্সট্রিমিস্ট আইডিওলজি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সম্মেলনে যোগ দিতে আসা ৫৬টি আরব ও মুসলিম প্রধান দেশের নেতাদের সঙ্গে ফটোসেশনের পর সৌদি বাদশার দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।
এআইএ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আরব ও মুসলিম প্রধান দেশের নেতাদের ফটোসেশন। এতে সরব উপস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরে সৌদি আরবের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী গ্লোবাল সেন্টার ফর কমব্যাটিং এক্সট্রিমিস্ট আইডিওলজি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
সেসময় সেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বিন আল হোসেইন, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, কুয়েতের আমির শেখ সাবাহ্ আল আহমেদ আল জাবের আল সাবাহসহ অন্যান্য মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।
সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে ৪ দিনের সরকারি সফরে গত রাতে প্রধানমন্ত্রী রিয়াদ পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। সৌদি শুরা বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ফয়সাল বিন আবু সাদ এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
পরে মোটর শোভযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে রিয়াদের মোভেনপিক হোটেলে নিয়ে যাওয়া হয়। সৌদি আরব সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। সোমবার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর রওজা মুবারক জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি মক্কায় পবিত্র ওমরাহ্ পালন করবেন।







