সৌদি প্রবাসী পরিচ্ছন্নতাকর্মী নাজের আল-ইসলাম আব্দুল করিমকে (৬৫) বিদ্রূপ করে একটি ছবি প্রকাশের পর বিপুল পরিমাণ উপহার পাচ্ছেন তিনি। বাংলাদেশের এই নাগরিকের কাছে পাঠানো উপহারের স্রোত এখনও থামেনি। আরও অনেকেই তাকে অর্থসাহায্য দেওয়ার অঙ্গীকার করেছেন।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একজন ব্যবহারকারী স্বর্ণালঙ্কারের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকা করিমের একটি ছবি শেয়ার করেন। যেখানে বিদ্রূপ করে তিনি লিখেন, ‘তিনি (করিম) শুধু জঞ্জালের দিকে তাকানোর যোগ্যতা রাখেন।’

এর ভিত্তিতে ইনসানিয়েত নামের এক টুইটার অ্যাকাউন্টের মালিক আব্দুল্লাহ আল কাহতানি (৩৮) তাকে খুঁজে বের করার ঘোষণা দেন। আর এরপরেই উপহারের বন্যা বইয়ে যায়। যার মধ্যে রয়েছে স্বর্ণালঙ্কার, আইফোন, বস্তাভর্তি ধান এবং মধু।

রিয়াদে কর্মরত করিমের ঠিকানা উল্লেখ করা আল কাহতানির টুইট সাড়ে ছয় হাজারেরও বেশিবার শেয়ার হয়। মাসিক ৭০০ সৌদি রিয়াল পারিশ্রমিক পাওয়া করিম বলেন, ছবি তোলার ব্যাপারটি তিনি বুঝতে পারেননি। মিউনিসিপ্যালিটিতে আমি শুধু আমার কাজ করছিলাম। তবে উপহার পেয়ে তিনি খুবই খুশী ও কৃতজ্ঞ বলে জানান।
আল কাহতানি বলেন, করিমের কাছে এখনও অর্থ পাঠানো হচ্ছে। এছাড়াও উপহারের মধ্যে রয়েছে ধান এবং মধু, বাংলাদেশের রিটার্ন টিকেট এবং দুইটি মোবাইল ফোন– আইফোন ৭ এবং স্যামসাং গ্যালাক্সি।
সামাজিক মাধ্যম ব্যবহারকারিরা বিশেষত টুইটার ব্যবহারকারি সৌদিরা তাকে উপহার দেয়া অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। এদের মধ্যে একজন তাকে ২ হাজার রিয়াল প্রদান করবেন বলেছেন।










