সৌদি আরবে বসবাসের অনুমোদন বিষয়ক ফি এবং ভিসা খরচ সম্পর্কে সামাজিক মাধ্যমে প্রচারিত সব খবরকে গুজব উল্লেখ করে সবাইকে সতর্ক করেছে দেশটির পাসপোর্ট বিভাগ। সেসব খবর বিশ্বাস না করতে এবং এ ধরণের যে কোনো তথ্য সম্পর্কে জনগণকে সচেতন থাকতে আহ্বান জানিয়েছে তারা।
পাসপোর্ট বিভাগের মুখপাত্র তালাল আল-শালহাউব বলেছেন, ‘সৌদিতে বসবাসের পারমিট নবায়ন ফি ২,৪০০ থেকে বাড়িয়ে ৬ হাজার সৌদি রিয়েল করা হয়েছে – এমন একটি গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই তথ্যটি একেবারেই মিথ্যা। সামাজিক মাধ্যমে পাওয়া সবকিছুই জনগণের বিশ্বাস করা ঠিক নয়।’
তিনি জানান, পাসপোর্ট, ভিসা এবং বসবাস পারমিট জাতীয় এ সংক্রান্ত সব আনুষ্ঠানিক সংবাদ জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস-এর মিডিয়া বিভাগ থেকে প্রকাশ করা হয় এবং পাসপোর্ট বিভাগের টুইটার অ্যাকাউন্টে সেগুলো পাওয়া যায়।
সামাজিক মাধ্যমে প্রচারিত মিথ্যা তথ্য
তবে ছড়িয়ে পড়া গুজবের তথ্য সঠিক না হলেও সৌদি সরকার কিন্তু সত্যিই ভিসা ফি বাড়িয়েছে। বর্ধিত ফি অনুসারে, ছ’মাস মেয়াদের মাল্টিপল-এন্ট্রি ভিসায় ৩ হাজার, এক বছর মেয়াদের মাল্টিপল-এন্ট্রি ভিসায় ৫ হাজার এবং দু’বছর মেয়াদের মাল্টিপল-এন্ট্রি পারমিটে ৮ হাজার সৌদি রিয়েল খরচ করতে হবে।
এছাড়াও আগে ছ’মাস মেয়াদী মাল্টিপল এক্সিট অ্যান্ড রি-এন্ট্রি ভিসায় যেখানে ৫শ’ রিয়েল লাগত, সেখানে এখন তিন মাস মেয়াদী ভিসাটিতেই সমপরিমাণ অর্থ লাগবে। এর সঙ্গে প্রতি এক মাসে দু’শ রিয়েল করে অতিরিক্ত যোগ হবে।
অন্যদিকে, ট্রানজিট ভিসার ক্ষেত্রে নতুন ফি ধার্য হয়েছে ৩শ’ রিয়েল। সমুদ্রপথে দেশ থেকে বাইরে যাওয়ার জন্য ভিসা খরচ হবে ৫০ রিয়েল।
সৌদির অধিবাসীদের জন্য দু’মাস মেয়াদী সিঙ্গেল ট্রিপ এক্সিট/রি-এন্ট্রি ভিসায় খরচ হবে দু’শ সৌদি রিয়েল। এরপর বসবাস পারমিটের (ইকামা) মেয়াদ থাকা পর্যন্ত প্রতিমাসে ১শ’ রিয়েল করে যোগ হবে।
নতুন ফি কাঠামো এ বছরের ২ অক্টোবর থেকে কার্যকর হবে।







