সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে কাতিফ অঞ্চলের সাইহাত এলাকায় বন্দুকধারীদের গুলিতে রাতে টহল দেয়া দুই জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির অভ্যন্তরীন মন্ত্রণালয়। বুধবারের এই হামলার ঘটনায় তদন্ত শুরু হচ্ছে বলেও জানায় তারা।
শিয়া মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে পুলিশ কর্মকর্তাদের গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায় বলে দেশটির সংবাদ সংস্থা সাউদি প্রেস এজেন্সিকে পুলিশের একজন মুখপাত্র জানায়।
সুন্নি রাজতন্ত্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে চলা বিদ্রোহে ২০১১ সাল থেকেই অঞ্চলটিতে অস্থিরতা বিরাজ করছে।
চলতি বছরে এখানে জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেটের (আইএস) হামলার ঘটনাও ঘটেছে। আইএস’এর স্থানীয় সহযোগী একটি সুন্নি জিহাদি গ্রুপের একজন সদস্য সাইহাতে শিয়া সভাস্থলে গুলি চালিয়ে ৫ জনকে হত্যা করে। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়।






