সৌদি আরবের জেদ্দা শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে চাঁদপুরের প্রবাসী মো. মোজাম্মেল হোসেন। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে মা বাবা শোকে কাতর হয়ে পড়েছেন। পাশাপাশি তার বাড়িতে পরিবার ও আত্মীয়দের মাঝে শোকের ছায়া বইছে।
বাংলাদেশ স্থানীয় সময় বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তিনি চাঁদপুরের কচুয়ার ভূঁইয়ারা গ্রামের সফিকুল ইসলামের পুত্র।
নিহতের বাবা জানায়, ৪ ভাই বোনের মধ্যে মোজাম্মেল হোসেন সবার বড়। প্রায় তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মোজাম্মেল। দুর্ঘটনার দুই ঘন্টা আগেও পরিবারের সাথে কথা হয় তার।
বর্তমানে তার লাশ জেদ্দা শহরের হিমঘরে রাখা আছে। সন্তানের লাশ দেশে ফেরত আনতে সৌদি দূতাবাসসহ বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন নিহতের বাবা।








