সৌদি আরবে ১২ মার্চ শনিবার একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই মৃত্যুদণ্ডের সংখ্যা পুরো গত এক বছরের তুলনায় অনেক বেশি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র বরাত দিয়ে এনডিটিভি জানায়, এদের মধ্যে ইয়েমেন এবং সিরিয়ার নাগরিকও রয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ এবং বিপথগামীতা’সহ নানা অপরাধের অভিযোগ ছিল বলে সংবাদ সংস্থাটি জানিয়েছে।এসব অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ইসলামিক স্টেট গোষ্ঠী, আল কায়েদা, হুতি বিদ্রোহী গোষ্ঠীর ও সদস্য ছিল।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনা ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের টার্গেট করা, হত্যা, অপহরণ, ধর্ষণ এবং চোরাচালানের মাধ্যমে সৌদি আরবে অস্ত্র প্রবেশ সহ নানা ধরনের অভিযোগ ছিল।
তবে এ ঘটনায় মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার হয়ে উঠেছে। তাদের মতে সৌদি আরবে প্রায়শই অনেকে ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়ার অধিকার পায় না।
এ বিষয়ে এসপিএ জানিয়েছে, মোট ১৩ জন বিচারক এই ব্যক্তিদের বিচার করেছেন এবং তারা তিন ধাপের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, বিশ্বে যেসব দেশে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়ে থাকে সৌদি আরব তাদের মধ্যে অন্যতম। শীর্ষ পাঁচটি দেশের তালিকায় রয়েছে চীন, ইরান, মিশর এবং ইরাক।







