সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ সাত দফা দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় নেতাকর্মীরা জড়ো হচ্ছেন।
দেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন এ রাজনৈতিক জোটের জনসভা দুপুর ২টায় শুরুর কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা সেখানে সভাস্থলে আসতে থাকেন।
রাজধানীসহ ঢাকার আশাপাশের জেলা থেকে আগত নেতাকর্মীদের মুখে খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগান শোনা যাচ্ছে।
জাতীয় ঐক্যফ্রন্টের নামে এ জনসভা হলেও সেখানে আগত নেতাকর্মীদের বেশিরভাগই বিএনপির অঙ্গ সংগঠনের। তাদের হাতে দেখা গেছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন।
সমাবেশের পুরো মাঠজুড়ে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি সম্বলিত ব্যানার শোভা পাচ্ছে। শোভা পাচ্ছে তারেক রহমানের ব্যানার-ফেস্টুনও।
স্মরণকালের সর্ববৃহৎ জনসভা করার সব প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা বলছেন, জনসভায় রাজধানীসহ ঢাকার আশাপাশের জেলা থেকে বিএনপিসহ ঐক্যফ্রন্টের বিভিন্ন দলের ও বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেবেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ড. কামাল হোসেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখবেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।
আরও বক্তব্য রাখবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ এ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
প্রথমবারের মতো ঐক্যফ্রন্টের মঞ্চে উঠবেন কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
এই জনসভা থেকেই সরকারবিরোধী বড় ধরনের কর্মসূচি ঘোষণা হবে বলে ধারনা করা হচ্ছে।







