এম এ সালাম, কাতার প্রতিনিধি: মুক্তিযুদ্ধে রাজধানী মিরপুরের গেরিলা বাহিনী ‘মামা বাহিনী’র প্রধান মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার মরদেহ সোমবার বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে।
সুইডেনপ্রবাসী শহীদুল হক মামার মরদেহ প্রথমে সুইডেনে নেওয়ার কথা থাকলেও পরে দেশে এনে দাফনের কথা জানিয়েছেন শহীদুল হকের ছেলে সৈয়দ খালেদ বিন হক শুভ।
এপ্রিল মাসের শেষের দিকে সুইডেন যাবার পথে কাতারের রাজধানী দোহায় অসুস্থ হয়ে পড়েন। সেখানে দুইমাস লাইফ সাপোর্টে শুক্রবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুক্তিযোদ্ধা শহীদুল হক বেশি পরিচিত ছিলেন শহীদুল হক মামা নামে। একাত্তরে মিরপুরে যে বাহিনী গড়ে তুলেছিলেন তার নামই হয়ে গিয়েছিল ‘মামা বাহিনী’। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে উঠা আন্দোলনেও তিনি ছিলেন সামনের সারিতে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুল কাদের মোল্লার মামলায় অন্যতম সাক্ষী ছিলেন শহীদুল হক মামা।










