বেলা ২টা ৪১ মিনিট, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমের মঞ্চে সাদা-হলুদ জামদানি কাপড়ের জামা গায়ে রোবট মানবী সোফিয়ার আগমন। মুহূর্তেই কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট মানবীকে দেখতে আসা হাজারো দর্শনার্থীর উল্লাস ধ্বনিতে মুখর হয়ে উঠে মিলনায়তন।
দুই হাজার দর্শকের থাকার কথা থাকলেও এখন দাঁড়িয়ে দেখছেন প্রায় দ্বিগুণ দর্শক। বাইরেও প্রবেশের অপেক্ষায় হাজারো মানুষ। এর আগে ৪ ডিসেম্বর ভোর রাতে বিশ্বজুড়ে সাড়া জাগানো রোবট মানবী সোফিয়া বাংলাদেশে পৌঁছেছে। বাক্সবন্দি হয়ে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে থেকে তাকে একটি পাঁচ তারকা হোটেলে নেওয়া হয়।
৬ ডিসেম্বর বিআইসিসিতে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এর উদ্বোধন করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগ দেয় রোবটমানবী সোফিয়া। পরে তাকে সঙ্গে নিয়েই এ তথ্যপ্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই সময় শেখ হাসিনা কিছু কথাও বলেন সোফিয়ার সঙ্গে।







