লিস্ট ‘এ’ ক্যারিয়ারে আগে কেবল একটিই শতক ছিল সৈকত আলির। শুক্রবার করলেন দ্বিতীয়টি, সেটিই হয়ে গেল ম্যাচজয়ী ইনিংস। ডানহাতি এ ব্যাটসম্যানের সেঞ্চুরিতে শুরুতে ব্যাট করে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পরে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়েছে ৯৫ রানের বিশাল ব্যবধানে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৬৫ রান তোলে শেখ জামাল। দুই ওপেনার সৈকত ও হাসানুজ্জামান উদ্বোধনী জুটিতে তুলেছেন ৮৬ রান। হাসান ফিরেছেন ৪৫ রানে।
আর সৈকত ১১৫ রান করে আহত অবসর নিয়েছেন। ১১৮ বলের ইনিংসটিতে ছিল ৬টি চার ও ৫টি ছক্কার মার। এটি তার লিস্ট-এ ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। এছাড়া ৪২ রান করেছেন অলরাউন্ডার সোহাগ গাজী।
জবাবে শেখ জামালের বোলারদের তোপে ৪৪ বল বাকি থাকতেই ১৭০ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ। সর্বোচ্চ ৬৭ রান করেছেন ভারতীয় ব্যাটসম্যান গুরপ্রিট সিং।
সাজেদুল ইসলাম, সোহাগ গাজী, কামরুল ইসলাম রাব্বি ও ইলিয়াস সানি ভাগাভাগি করেছেন সমান ২টি করে উইকেট।
সাত ম্যাচের ৪টি জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান শেখ জামালের। সমান ম্যাচে কেবল ২ জয়ে টেবিলের ১১তে অবস্থান গাজী গ্রুপের।







