জাতীয় দলের দুই নিয়মিত মুখ সৌম্য সরকার ও তাসকিন আহমেদ ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়ছেন। ফিসফাসটা শুরু হয় ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) স্কোয়াডে তাদের নাম থাকায়। যে কারণে রোববার ঘোষিত ১৬ সদস্যের টাইগার দলে সৌম্য-তাসকিনের নাম না থাকা খুব বিস্ময়ের হয়ে আসেনি। নির্বাচক মিনহাজুল আবেদিনের দিকে এরপরও প্রশ্নবাণ ছুটে যাওয়া অবধারিতই ছিল, কেন বাদ তারা? উত্তরও মিলল সোজাসাপ্টাই, ধারাবাহিকতার অভাবেই বাদ দিতে হয়েছে দুজনকে।
‘সৌম্য সব ফরম্যাটেই কিছুদিন ধরে খেলে যাচ্ছে। ওর প্রতিভা নিয়ে কোন কোন প্রশ্ন নেই। ধারাবাহিকতার মধ্যে নেই বলেই আমরা একটা বিরতি দিয়েছি। সিস্টেমের মধ্যেই আছে। সে পুলভুক্ত খেলোয়াড়। আশা করি ধারাবাহিকতায় থাকবে, পরে আবার বিবেচনা করা হবে। তাসকিন আহমেদ সাউথ আফ্রিকা সফরে ফর্মে ছিল না। ঘরোয়া ক্রিকেটে লংগার ভার্সনে কিছু ম্যাচ খেলারও দরকার আছে তার। সে হিসেবে বাদ দেয়া হয়েছে।’
সৌম্যর জায়গায় দলে ফিরেছেন এনামুল হক বিজয়। তাসকিনের জায়গায় আবুল হাসান রাজু। দীর্ঘদিন পর এ দুই ক্রিকেটারকে ফেরানোর ব্যাখ্যায় মিনহাজুল বললেন, ‘বিজয়ের কথা বলতে পারি, যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে, দুই বছর ধরে রান করছে ঘরোয়া ক্রিকেটে। আর আবুল হাসান রাজুকে কন্ডিশনের কথা চিন্তা করে আনা হয়েছে। একটা বাড়তি পেস বোলার নিয়েছি, যার বল সুইং করানোর ক্ষমতা আছে।’
দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন। এই দুজনকেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল করায় নেয়া হয়েছে বলে জানান মিনহাজুল।
১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। টুর্নামেন্টে ফাইনালসহ ম্যাচ ৭টি। প্রতিটি দল অপর দলগুলোর সঙ্গে দুবার করে লড়বে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল ২৭ জানুয়ারি। ম্যাচ শুরুর সময় দুপুর ১২টা।
ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ১০ জানুয়ারি ঢাকা আসবে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কা আসবে ১৩ জানুয়ারি। শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে।
বাংলাদেশের ওয়ানডে দল: মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, সানজামুল ইসলাম।







