সোয়াইন ফ্লু’র ভয়ে নির্ধারিত মালদ্বীপ সফর স্থগিত করেছেন সৌদি বাহশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। মালদ্বীপ সরকারের বরাতে বার্তা সংস্থা এপি বাদশাহর সফর স্থগিতের খবর দিয়েছে।
মাসব্যাপী এশিয়া সফরের অংশ হিসেবে গত মাসের ২৬ তারিখ প্রথমে মালয়েশিয়ায় পৌঁছান বাদশাহ সালমান। পরবর্তীতে ইন্দোনেশিয়া, ব্রুনাই ও জাপান সফরের পর এখন তিনি চীনে রয়েছেন। সেখান থেকে শনিবার (১৮ মার্চ) মালদ্বীপ যাওয়ার কথা ছিল।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসিম জানিয়েছেন: সৌদি বাহশাহর সফরের পরবর্তী দিনক্ষণ ঠিক করা হবে।
মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০৫ জনের সোয়াইন ফ্লু ভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। মাত্র তিন লাখ ৪০ হাজার মানুষের দেশে এই সংখ্যা অনেক বেশি বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।







