যুব অলিম্পিক হকির মূলপর্বে যেতে থাকতে হবে সেরা দুইয়ে। সেই লক্ষ্য নিয়েই বাছাইপর্ব খেলতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংক যাচ্ছে বাংলাদেশ যুব দল। উড়াল দেবে ২৪ এপ্রিল।
মোট ১১ দল নিয়ে ব্যাংককে বসবে বাছাইপর্ব। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাকিস্তান, চাইনিজ তাইপে, মালয়েশিয়া, কম্বোডিয়া ও সিঙ্গাপুরকে।
বাছাইপর্বের দুই সেরা দল খেলবে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে, ৬ অক্টোবর থেকে শুরু মূলপর্বে। স্বাগতিক দেশকে নিয়ে এশিয়ান অঞ্চল ও বাকি পাঁচ অঞ্চলের মোট ১২ দল নিয়ে হবে এই ফাইভ-এ-সাইড টুর্নামেন্ট।
তিন সপ্তাহের প্রস্তুতি সেরে টুর্নামেন্টে সেরা হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশের যুব দল অধিনায়ক সোহানুর রহমান। আর অচেনা প্রতিপক্ষের বিপক্ষে শিষ্যদের দিয়ে সেরা খেলাটা বের করে আনার প্রত্যাশা লাল-সবুজ কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির।







