প্রিমিয়ার লিগের শিরোপার আশা একরকম শেষ। লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলতে পারার। সেজন্য টেবিলের শীর্ষ চারে থাকতে হবে ম্যানচেস্টার সিটিকে। সাউদ্যাম্পটনকে ৩-০ গোলে হারিয়ে চারের সেই লড়াইটা বেশ জমিয়ে তুলেছে সিটিজেনরা। শনিবার রাতের জয়ে টেবিলের তিনে উঠে এসেছে পেপ গার্দিওলা শিষ্যরা।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে প্রথমার্ধে গোল পায়নি কোন দলই। গোল পেতে ম্যানসিটিকে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিট পর্যন্ত।
কাঙ্ক্ষিত গোলটি এনে দিয়েছেন চোটের কারণে পুরো মৌসুম জুড়ে মাত্র ৮ ম্যাচ খেলতে পারা অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। ডেভিড সিলভার কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে অতিথিদের জালে বল জড়িয়ে দেন কোম্পানি।
পর ৭৭ মিনিটে দ্বিতীয় গোলটি এসেছে লেরয় সানের থেকে। আর ৮০ মিনিটে সাউদ্যাম্পটনকে হতাশার ষোলকলা পূর্ণ করানো তৃতীয় গোলটি করেছেন ফর্মে থাকা সার্জিও আগুয়েরো।
তবে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারার আশার সঙ্গে গার্দিওলাকে আরো স্বস্তি দিচ্ছে কোম্পানিকে ফিরে পাওয়া, ‘যেসব কোচ কোম্পানিকে পেয়েছে, তারা প্রত্যেকেই জানেন সে কতটা গুরুত্বপূর্ণ। চোট ওকে অনেক ভুগিয়েছে। কোম্পানি সত্যিকার অর্থেই একজন ডিফেন্ডার। তাকে ফিরে পাওয়া স্বস্তির।’
সবশেষ জয়ে ৩২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে ম্যানসিটি। এতে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারাটা সিটিজেনদের জন্য আরো সহজ হলো। আর হেরে টেবিলের নয়েই থাকল সাউদ্যাম্পটন।







