দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার দুদিন আগেই হয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক-কোচের সংবাদ সম্মেলন, দলীয় ফটোসেশন। টি-টুয়েন্টি বিশ্বকাপ আসর বাংলাদেশে হওয়ার কথা থাকলেও ভেন্যু সরে যাওয়ায় নিগার সুলতানা জ্যোতির দলকে যেতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
বিশ্বকাপে খেলতে বৃহস্পতিবার সকালে ঢাকা ছাড়বে নিগারের দল। দুটি প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশের মূল লড়াই শুরু আগামী ৩ অক্টোবর। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সফরপূর্ব সংবাদ সম্মেলন, ফটোসেশনের আনুষ্ঠানিকতা হয়ে গেল মঙ্গলবার দুপুরে।
পাঁচ আসর খেলে ২১ ম্যাচে বাংলাদেশের মেয়েদের জয় কেবল দুটিতে। টানা ১৬ ম্যাচে আর ধরা দেয়নি জয়। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশের মাটিতেই সবশেষ জয়টি এসেছিল। ১০ বছর আগের জয়ী দলের জাহানারা আলম ও ফাহিমা খাতুন ছাড়া আর কেউ নেই এবারের দলে।
খরা কাটানোর মোক্ষম সুযোগ রয়েছে এবার। গ্রুপ পর্বে দেখা হবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ স্কটল্যান্ডের সঙ্গে। স্কটিশ মেয়েদের সঙ্গে চারটি ম্যাচ খেলে কখনও হারেনি বাংলাদেশ। তাদের প্রতি সমীহ থাকলেও জয়ের বিশ্বাস পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নিগার।
‘যে পরিসংখ্যানের কথা বললেন, আমার মাথায় এটা সবসময় থাকে যে, আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখনও পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, তেমনি গোটা দলেরই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।’

‘স্কটল্যান্ডের কথা বললেন, তারা এখন নিয়মিতই ভালো ক্রিকেট খেলছে। বিশ্বকাপের মতো জায়গায় সব দলই ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা নিয়েই আসে। আমাদের লক্ষ্য থাকবে, লম্বা সময় ধরে আমাদের সবার যে ক্ষুধা, বিশ্বকাপে একটি জয়, সেটা যেন পেতে পারি। সেই লক্ষ্যই থাকবে।’
‘২০১৪ সাল ছাড়া বিশ্বকাপে আমরা আর কখনও কোনো ম্যাচ জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু জিততে না পারলে সেই ভালোর কোনো মানে নেই। প্রথম তাই লক্ষ্য থাকবে ম্যাচ জেতা। দ্বিতীয়ত, যখন আমরা ‘ফ্লো’ পাবো সেটিকে সঙ্গী করে, সেমিফাইনাল কে না খেলতে চায়। আমাদেরও লক্ষ্য থাকবে তেমন কিছু করা।’
নবম আসরে এ-গ্রুপে রয়েছে ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গে খেলবে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। শারজায় উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানি, দিশা বিশ্বাস।








