আফগানিস্তানের করা ১১৫ রান ১২.১ ওভারে তাড়া করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের। তাতে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা এবার শেষ হলো। সেন্ট ভিনসেন্টে বৃষ্টিতে আবার খেলা বন্ধ হওয়ার আগে ১১.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৮১ রান। বৃষ্টিার কারণে ১ ওভার কাটা হয়েছে। বাংলাদেশের লক্ষ্য ১১৪।
বিশ্বকাপের শেষ ম্যাচটা জিতে দেশে ফেরার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। রান রেটের চ্যালেঞ্জে জিতে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে গিয়ে হারের মুখে শান্তবাহিনী।
বাংলাদেশকে হারালেই চার পয়েন্ট নিয়ে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে আফগানরা। বাদ পড়বে অস্ট্রেলিয়া।
তাওহীদ হৃদয় ৯ বলে ১৪ রান করে ফেরার পরই রান রেট বাড়ানোর চ্যালেঞ্জ থেকে সরে আসে বাংলাদেশ। একপ্রান্ত আগলে লিটন দাস চেষ্টা করে গেলেও অন্যপ্রান্ত থেকে পাননি সঙ্গ। ব্যক্তিগত ফিফটির পথে রয়েছেন লিটন। ২৯ বলে ৩৭ রানে অপরাজিত টাইগার ওপেনার।
আফগানিস্তান ইনিংসের পর বৃষ্টিতে বাংলাদেশের ব্যাটিং শুরু হতে বিলম্ব হয়েছিল। পরে টাইগার ইনিংসের মাঝেও হানা দিল বৃষ্টি। ৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলতে পারে ৩১ রান।
আবার খেলা শুরু হলে দলীয় ফিফটির আগে রশিদ খানের বলে বোল্ড হন সৌম্য সরকার। ১০ বলে করেন ১০ রান। পরে হৃদয়ের আউটের পর জ্বলে উঠতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদও। ৯ বলে ৬ রান করে লেগস্পিনার রশিদের বলে আউট হন। পরের বলে রিশাদ হোসেনকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান আফগান অধিনায়ক।
আফগানিস্তান বোলারদের সামনে দ্রুত রান তুলতে গিয়ে ৩ ওভারে ২৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে দল। একে একে সাজঘরে ফিরেছেন তানজিদ হাসান তামিম (০), নাজমুল হোসেন শান্ত (৫), সাকিব আল হাসান (০)। জোড়া শিকারে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান নাভিন উল হক।









