বিআরবি ক্যাবলস বিপিএল টি-টুয়েন্টি ক্রিকেটের সেমিফাইনাল পর্ব শুরু হবে আজ। দুপুর ২টায় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে টেবিলের শীর্ষ দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।
সন্ধ্যা সাড়ে ৬টায় খেলবে এলিমেনেটরের দুই প্রতিদ্বন্দ্বী টেবিলের তৃতীয় ও চতুর্থ দল বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস। শিরোপার আসল লড়াইয়ে নিজেদের সেরা পারফরম্যান্স দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে দলগুলো।
টি-টুয়েন্টির ‘ধুম-ধাড়াক্কা’ টুর্নামেন্ট বিপিএল সিজন থ্রি’র কোয়ালিফায়ার ওয়ান। প্রতিদ্বন্দ্বী সেরা দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।
প্রথম কোয়ালিফায়ার জিতলেই সরাসরি ফাইনালের টিকেট। মাশরাফির কুমিল্লা ও সাকিবের রংপুরের শেষ প্রস্তুতিটাও প্রতিপক্ষকে টপকে ফাইনালে ওঠার।
মাশরাফির ক্যাপ্টেন্সিতে দারুণ পারফরমেন্স দেখানো কুমিল্লা ভিক্টোরিয়ান্স আসরে তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছে সাকিবের রংপুর রাইডার্সের বিপক্ষে।
মিরপুরের একাডেমি মাঠে সকাল থেকেই অনুশীলনে ব্যস্ত সাকিব, সিমন্স, মিজবাহ, সৌম্য ও ক্যারিবিয়ান ড্যারেন স্যামি।
ড্যারেন স্যামি বলেন, কুমিল্লা ভালো টিম, ওরা টুর্নামেন্টে ভালো করছে, আামদের টপ অর্ডারে ব্যাটসম্যানদের সমস্যা রয়েছে সবাই ভালো করলে আমদের টিম ভালো করবে।
ম্যাচের আগের দিন ছুটির আমেজে পার করেছে মাশরাফি’র কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে কেউ কেউ অনুশীলনও করেছে।
কুমিল্লার ওপেনার ইমরুল কায়েস বলেন, বিদেশীদের চাইতে দেশী খেলোয়াড়দের পরফর্ম করলে ম্যাচ জেতা যায়, আমদের ক্যাপ্টেন ও একই কথা বলে তাই আমরা পারফর্ম করার জন্য মুখিয়ে আছি।
শনিবার সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটসের ও বরিশাল বুলসের এলিমেনেটর। হারলেই বিদায়।
জিতলে কোয়ালিফাইয়ার ওয়ানের পরাজিত দলের সঙ্গে রোববার কোয়ালিফাইয়ার টু’র ম্যাচ।






